ভারতের সরকার পরিবর্তনে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ের নীতিতে কোন ধরণের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।
তিনি বলেন, ১৯৭১ সালের পর থেকে ‘বাংলদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছে ভারত। দুই দেশের সম্পর্ক কোন সরকার আসে যায় সে বিষয়ের ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে দুই পাড়ের রাজনৈতিক সদিচ্ছার উপর। পরস্পর রাজনৈতিক সদিচ্ছা ও স্বার্থের সুরক্ষার ব্যাপারে সজাগ থাকলে ক্ষমতার পালাবদলের পরও বাংলাদেশ-ভারত সম্পর্কের কোনো পরিবর্তন হবে না।
সোমবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্ট্যাডিজ আয়োজিত এক সেমিনারের লেকচার সেশনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের ক্ষেত্রে পাকিস্তানের মত পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে কিনা এমন প্রশ্নের বিপরীতে তিনি বলেন, ‘পাকিস্তানের সীমানার সঙ্গে বাংলাদেশের সীমানা মেলানো যায় না। আর পাকিস্তানের নিরাপত্তা ধারণার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা ধারণা মেলানো যায়না।’
উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচনের নয় পর্বের ভোটের প্রথম পর্ব আজ শুরু হয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন নির্বাচনে এবার ভারতে ক্ষমতার পালাবদল ঘটতে পারে। ভারতে ক্ষমতায় আসতে পারে বিজেপি।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)//এনএস
[/b]