[b]ভোলা:[/b] জেলার প্রেসক্লাব ভবনের দোতলায় দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
রোববার বিকাল সোয়া পাঁচটার দিকে ভোলা প্রেসক্লাবে এ ঘটনা ঘটে।
প্রেসক্লাবের অফিস সহকারী কিছলু জানান, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ পূর্ণ মন্ত্রী হওয়ায় প্রেসক্লাবের সামনে দিয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে যাচ্ছিলো।
এ সময় বিকট শব্দে ক্লাবের উত্তর পাশের দোতলার জানালার ওপরের দেয়ালে দুবৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে।
ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান ও সম্পাদক সামসুল আলম মিঠুসহ সাংবাদিকরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করার আহবান জানান তারা।