সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় গোলযোগ তৈরি হলে পুলিশ শিক্ষামন্ত্রীকে কর্ডন দিয়ে সরিয়ে নিয়ে যায়। চেয়ার ছুড়াছুড়ির কারণে ৩/৪ জন ছাত্র আহত হয়েছেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বুধবার বিকেল সোয়া ৪টার দিকে গোলাপগঞ্জ উপজেলার  দক্ষিণ জেলা পরিষদের ডাকবাংলোর সামনে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। মন্ত্রীকে ফুল দেয়া নিয়ে ছাত্রলীগের খায়রুল ও মনসুর গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েকটি চেয়ার ভংচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,দ্বিতীয় মেয়াদে মন্ত্রীত্ব পাওয়ার পর বুধবার গোলাপগঞ্জে পৌঁছেন নুরুল ইসলাম নাহিদ। তার আগমন উপলক্ষে  গোলাপগঞ্জ দক্ষিণ আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং  সহযোগী সংগঠন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে নেতাকর্মীরা ফুল দিয়ে শিক্ষামন্ত্রীকে বরণ করে নেয়। এসময় ফুল দেয়া নিয়ে ছাত্রলীগের খায়রুল ও মনসুর গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি শুরু করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক করতে অনুষ্ঠান সাময়িক বিরতি দেয়া হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মন্ত্রীকে ডাকবাংলোর ভেতরে নিয়ে যায়। বিকেল সাড়ে ৪টার পর আবার অনুষ্ঠান শুরু হয়।
গোলাপগঞ্জ থানার ওসি শিবলী  এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে’। আমরা অনাকাংখিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতাযেন করেছি।
[b]সিলেট ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এমআর
[/b]