কারেন্ট জাল আটক করায় পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রায় অর্ধশত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার রাত সাড়ে ১০টায় ভোলার ইলিশা বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, বুধবার পুলিশ ও কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল আটক করে।
আাটককৃত জাল ইলিশা ঘাটে নিয়ে আসলে জাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে জেলেরা। এক পর্যায়ে জেলেরা পুলিশ ও কোস্টগার্ডকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, জেলেরা পুলিশকে ঘিরে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ৩৬ রাউন্ড ফাঁকা গুলি চালায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি অফিসার কলিমুল্লাহ বলেন, জেলেরা জাল ছিনতাইয়ের চেষ্টা করলে কোস্টগার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি চালায়। তবে এতে কোন হতাহত হয়নি।
এর আগে বুধবার রাত ৯টায় জেলার ভেদুরিয়া ফেরী এলাকায় অভিযান চালিয়ে ৬০ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। পরে আটককৃত জাটকা স্থানীয় অসহায় ও দু:স্থদের মধ্যে বিতরণ করা হয়।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি) // জেআই // এআর[/b]