[b]ঢাকা:[/b] দশম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচশ ৪০ জন প্রার্থীর মধ্যে ১২ জন হত্যা, ৪৭ জন ৩০২ ধারায় মামলার আসামি ছিলেন। দশম সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের ৩ জনের নামে হত্যা মামলা রয়েছে। এ সব প্রার্থীদের বর্তমান মামলার চেয়ে অতীত মামলা বেশি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনে মোট প্রার্থীর সংখ্যা পাঁচশ ৪৩ জন। এর মধ্যে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশনকে দেয়া অনেকের হলফনামায় অনেক তথ্য গোপন করা হয়েছে।

এ ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীদের তথ্যসমূহ ভোটারদের জ্ঞাতার্থে নির্বাচন কমিশনের প্রচার করার কথা। আমরা আশা করছি, কমিশন তা করবে।

আমাদের প্রত্যাশা, ভবিষ্যতে প্রার্থীদের তথ্যসমূহ প্রচারের পাশাপাশি নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থীদের পোস্টার ছাপানো ও প্রজেকশন মিটিংয়ের আয়োজনের বিধান করা এবং ব্যানার ছাপানো ও মিছিল-মিটিং থেকে প্রার্থীদের বিরত রাখার বিধান করা।

এতে নির্বাচনী ব্যয় অনেক কমে যাবে এবং সৎ ও ভালো মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

সুজনের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রার্থীদের বেশিরভাগ উচ্চ শিক্ষিত হলেও এসএসসির চেয়ে কম যোগ্যতা সম্পন্ন ৫০ জন (৯.২৫%) প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মধ্যে ২৮২ জনের (৫২.২২%) পেশা ব্যবসা।

কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ ধারা অনুযায়ী  সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে লিপ্ত ব্যক্তিরা নির্বাচনে প্রতিদ্বন্দিতা এবং সংসদ সদস্য থাকার অযোগ্য হলেও এ ধরনের অনেক প্রার্থীই নির্বাচনে অংশ নিচ্ছেন।

মোট প্রার্থীদের মধ্যে ৬০ জন কোটি টাকার বেশি উপার্জনক্ষম হলেও ১৭১ জন (৩১.৬৭%) প্রার্থীর বাৎসরিক আয় ৫-২৫ লাখ টাকা। এ ছাড়া বেশিরভাগই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। প্রার্থীদের মধ্যে ২৭৭ জনের (৫১.২৯%) সম্পদের পরিমাণ কোটি টাকার উপরে, যার মধ্যে ১০৩ জনের ৫ কোটি টাকার উপরে।

অনেক প্রার্থীই তার প্রকৃত সম্পদের পরিমাণ উল্লেখ করেননি এবং তারা সবাই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। প্রার্থীদের মধ্যে ২২৬ জন (৪১.৮৫%) ঋণগ্রহিতা এবং আয়কর প্রদানকারী আছেন ২৭১ জন (৫০.১৮%)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, নির্বাহী সদস্য বিচারপতি কাজী এবাদুল হক, ডা. জাফুরুল্লাহ, আলী ইমামসহ অনেকে।