বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে স্বর্ণের ১৫টি বারসহ তুহিন হোসেন (২০) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিজিবি সদস্যরা ওই যুবককে আটক করে। আটককৃত তুহিন হোসেন পুটখালী গ্রামের শওকত আলির ছেলে।
২৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. মোস্তাফিজুর রহমান বলেন, তুহিন নামে এক স্বর্ণ চোরাকারবারি পুটখালী বলফিল্ট এলাকা থেকে স্বর্ণের ১৫টি বার নিয়ে পুটখালী সীমান্তের দিকে যাচ্ছিল। এ সংবাদ পেয়ে বলফিল্ট এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তুহিনকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে পায়ে বিশেষভাবে বাঁধা অবস্থায় স্বর্ণের ১৫টি বার উদ্ধার করা হয়। তুহিনের স্বীকারোক্তি মোতাবেক এ স্বর্ণের মালিক পুটখালী গ্রামের মুনছুর আলী। বারগুলোর ওজন এক কেজি ৫০০ গ্রাম বলেও জানান তিনি।
২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প ইনচার্জ সুবেদার শফিউদ্দিন জানান,আটক তুহিনকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, আটকৃত তুহিন একজন স্বর্ণ চোরাচালানি। দীর্ঘদিন ধরে সে এ ব্যবসা চালিয়ে আসছে। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
[b]বেনাপোল, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]