নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ বলেছেন, শেষ পর্যায়ের উপজেলা নির্বাচনে সেনাবাহিনী শুধু ষ্টিয়ারিং ফোর্স হিসেবেই নয়, যখন যে পরিস্থিতির উদ্ভব হবে তখন সেই পরিস্থিতি অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচনে মানুষ যেন ভীতিকর না হয়ে পড়ে সেজন্য পরিবেশ তৈরিতে সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সভাকক্ষে রংপুর জেলার অনুষ্ঠিতব্য ৪ উপজেলার উপজেলা নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি ফরীদ আহম্মদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ন চন্দ্র বর্মা, পুলিশ সুপার  আব্দুর রাজ্জাক, জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম, বিজিবি ও র্যারব-১৩-এর প্রতিনিধিসহ চার উপজেলার সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ইসি শাহনেওয়াজ বলেন, এটা স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে কেউ রাজনৈতিক বা দলীয়ভাবে নির্বাচন করতে পারবে না। যদি কেউ রাজনৈতিক পরিচয়ে কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে সকল বাহিনী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। দুর্গম চর এলাকা এবং ঝুকিপূর্ণ এলাকায় ডিসি ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া আছে। তারা যে কোনো পদক্ষেপ নিয়ে নির্বাচন সুষ্ঠু করবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যপারে লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা গ্রহন করা হবে।
ইসি বলেন, রংপুর বিভাগে বিশেষ করে রংপুর অঞ্চলে কোনো রকম সমস্যা ছাড়াই বিগত নির্বাচনগুলো শেষ হয়েছে। শেষ পর্যায়ের নির্বাচনটিও ভালোভাবে শেষ করতে সবার সহযোগিতা প্রয়োজন।
যারা আইনি জটিলতার কারনে শপথ নিতে পারেনি। আইন অনুযায়ী পূর্ববর্তী নির্বাচিতরাই তার দ্বায়িত্ব পালন করবেন।
রংপুরের চার উপজেলায় ২৮৭ টি ভোট কেন্দ্রে ১৯ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ভোটার রয়েছেন ৬ লাখ ৫৬ হাজার ৯২৪ জন। এতে চেয়ারম্যান পদে ২৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]