[b]বাগদাদ:[/b] ইরাকজুড়ে অর্ধ ডজন গাড়িবোমা হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। বুধবার রাজধানী বাগদাদ, উত্তরাঞ্চলীয় শহর বাকুবা ও দিয়ালায় এ হামলাগুলো চালানো হয়। খবর রয়টার্স ও ওয়ার্ল্ড বুলেটিনের।
এর মধ্যে বাকুবায় একটি দাফন অনুষ্ঠানে গাড়িবোমা হামলা চালানো হলে অন্তত ১৮ জন নিহত ও ১৬ জন আহত হন। দুদিন আগে সরকার সমর্থিত একজন সুন্নী মিলিশিয়া বন্দুকধারীর গুলিতে নিহত হন। তারই দাফনের প্রস্তুতি চলার সময় এ হামলার ঘটনা ঘটে।
অন্যদিকে, রাজধানী বাগদাদজুড়ে অন্তত ছয়টি গাড়িবোমা হামলা চালানো হয়। এসব হামলায় ৩৪ জন নিহত ও ৭১ জন আহত হয়েছেন। মূলত শিয়া মতাবলম্বীদেরকে লক্ষ করে এসব হামলা চালানো হয়।
বাগদাদে এক আত্মঘাতী হামলায় ২৪ জন নিহত হওয়ার একদিন পরই আবার এ হামলাগুলো চালানো হল। অপরদিকে, দিয়ালা প্রদেশে অপর এক হামলায় নিহত হয়েছেন ১৬ জন।
প্রসঙ্গত, দেশটিতে সম্প্রতি আত্মঘাতী ও গাড়িবোমা হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। নূরী আল মালিকির শিয়া শাসিত সরকারের বিরোধিতা করে আসছেন সুন্নী মতাবলম্বী সশস্ত্র গ্রুপগুলো। তারা ইরাকের পশ্চিমাঞ্চল ও সিরিয়াকে নিয়ে একটি ইসলামী শরীয়ভিত্তিক স্বাধীন দেশ গঠনের জন্য লড়াই করে আসছেন।
সুন্নী এসব গ্রুপের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্যা লেভান্ট (আইএসআইএল)। ধারণা করা হয়, আল কায়েদার সঙ্গে তাদের সংযোগ রয়েছে। সপ্তাহ দুই আগে তারা বাগদাদের পশ্চিমাঞ্চলীয় শহর ফালুজার দখল নিয়ে নেয়। তারা নূরী আল মালিকি সরকারকে বৈধতা দিতে রাজি নন। এদিকে, মালিকি সরকার যেকোন মূল্যে সশস্ত্র গ্রুপগুলোকে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানা গেছে। সূত্র: রয়টার্স ও ওয়ার্ল্ড বুলেটিন
টাইম নিউজ/এসএমএ
শ্রেণীহীন
ইরাকে অর্ধডজন গাড়িবোমা হামলায় নিহত ৬৮
বাগদাদ: ইরাকজুড়ে অর্ধ ডজন গাড়িবোমা হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। বুধবার রাজধানী বাগদাদ,উত্তরাঞ্চলীয় শহর বাকুবা ও দিয়ালায় এ হামলাগুলো চালানো হয়। খবর রয়টার্সের।





