ভয়াবহ কালবৈশাখী ঝড় কেড়ে নিল একই পরিবারের পাঁচজনসহ তাজা ১০ টি প্রাণ। এছাড়া আহত হয়েছে অন্তত ২৫ জন।
সোমবার নেত্রকোনা জেলার সদর, কলমাকান্দা, মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলায় মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনার পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, ঝড়ে নেত্রকোনা সদরসহ চার উপজেলায় মোট ১০ জন মারা গেছেন। কলমাকান্দা উপজেলার বিষমপুর গ্রামে ঝড়ে ঘরচাপা পড়ে একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত হয়েছেন। এছাড়া ঝড়ে ঘরচাপায় মোহনগঞ্জে ১ জন, বারহাট্টায় ১ জন, নয়নগর ও আনন্দপুর গ্রামের ২ জন এবং নেত্রকোনা সদর উপজেলার বন্নি গ্রামে সদর আলী নামে একজন মারা গেছেন।
নিহতরা হলেন-বিষমপুর গ্রামের আফরোজা বেগম (২২), তার সৎ ছেলে সাগর (১০), রাসেল (৭) ও রানা (২), নয়নগরের মামুন (১২), আনন্দপুর গ্রামের জুনু মিয়ার স্ত্রী দিপ্তী বেগম (৬০) ও রানিগাঁওয়ের আহালের মা (৫০), মোহনগঞ্জের  তেতুলিয়া গ্রামের সোমা (৯), সদর উপজেলার বর্ণি গ্রামের ফজর আলী কদম মুন্সি (৮৫) এবং বারহাট্টার এমদাদ (৩০) ।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী। এদিকে ঝড়ের পর থেকে জেলার ১২ উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]