টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের উপনির্বাচনে একটি ভোটকেন্দ্র বাতিল হওয়ায় রবিবার দুপুর ১টায় ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার এ ঘোষণা দেন।
তিনি বলেন,জালভোট প্রদান ও বিশৃঙ্খলার অভিযোগে সখিপুর উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বাতিল করা হয়। এই কেন্দ্রে দায়িত্ব পালনের অবহেলায় প্রিসাইডিং অফিসার,সহকারি প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ ১৯ জনের বিরুদ্ধে স্ব স্ব দপ্তরে সাময়িক বরখাস্তের জন্য বলা হয়েছে।
এই বাতিল কেন্দ্রে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনে অবহিত করা হয়েছে। নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী এই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাতিল হওয়া ভোটকেন্দ্র ভোটার সংখ্যা ২ হাজার ৭০১ জন।
খুরশিদ আনোয়ার আরও জানান, এই আসনে মোট ১১৭টি কেন্দ্রের মধ্যে ১১৬টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী অনুপম শাহজাহান জয় (নৌকা) ৭৩ হাজার ৫শ ৬৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. আব্দুল মালেক মিয়া (হরিণ) ৭১ হাজার ৩শ ২৯ ভোট পেয়েছেন।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]