বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন করেন সিইসি। পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘পুরো নির্বাচনি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। এই উপনির্বাচনকে ছোট করে দেখছি না। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশে উৎসবমুখর নির্বাচনি পরিবেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, অভিযোগগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই অগ্রাধিকার দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। পাঁচজন প্রার্থীর মধ্য থেকে একজনকে সংসদীয় এলাকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন ভোটাররা।
প্রার্থীরা হলেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই বিএনপি মনোনীত মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
এস
















