সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে প্রভাষ চন্দ্র সাহা (৬২) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তিযোদ্ধা উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লার বিমল কুমার সাহার ছেলে। তিনি জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
উল্লাপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) তাজুল হুদা জানান,ঈশ্বরদী থেকে ঢাকাগামী মেইল ট্রেনটি উল্লাপাড়া রেলক্রসিং এর কাছে পৌঁছলে লাইন পার হওয়ার সময় প্রভাষ চন্দ্র সাহা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুপুর ১২টার দিকে ঘোষগাতীঁ মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এ সময় সাবেক এমপি শফিকুল ইসলাম শফি,উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আলম, উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ,পৌর মেয়র বেলাল হোসেন,থানার অফিসার ইন চার্জ তাজুল হুদা ও আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]