চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ কর্মী হাসান হত্যার অভিযোগে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য শামসুল ইসলামসহ জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
মঙ্গলবার সকালে সাতকানিয়া থানায় নিহত যুবলীগ কর্মী মোহাম্মদ হাসানের চাচা মো: আলম বাদী হয়ে মামলাটি করেন।
তিনি এজাহারে অভিযোগ করেন, গত রবিবার রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা এলাকায় যুবলীগ কর্মী মোহাম্মদ হাসানকে (৩৪) গুলি করে ও কুপিয়ে হত্যা করে জামায়াত-শিবিরের ক্যাডাররা। হত্যাকাণ্ডে জড়িতদেরকেই মামলায় আসামি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য শামসুল ইসলাম এই হত্যাকাণ্ডের মুল ইন্ধনদাতা বলে দাবি করেন তিনি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, জামায়াতের সাবেক সাংসদ শামসুল ইসলামসহ ২২ জনকে আসামি করে নিহতের পরিবার থেকে একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জসিম উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]