সিরাজগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাবলু (৩২) নামে একজন নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও একটি সর্টগানসহ প্রচুর সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বাবলু স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
র‌্যাবের দাবি বাবলু সিরাজগঞ্জের শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে একজন। বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবলু সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের বা ঐতারা গ্রামের আ.ওয়াহাবের ছেলে। বাবলু ৩টি হত্যা মামলার মূল আসামী বলে জানা গেছে।
সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি বাবলু।
র‌্যাব-১২ সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানি কমান্ডার (এএসপি) অশোক পাল টাইম নিউজকে জানান, নাশকতার পরিকল্পনা করতে অস্ত্রসহ সিরাজগঞ্জ শহরের কাটা ওয়াপদার চায়না হারবার বালির পয়েন্টে একত্রিত হয়েছে হচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাত ২টার দিকে ঐ এলাকায় যায়। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা।
র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের প্রায় ১৫ মিনিটের বন্দুকযুদ্ধে বাবলু নামে এক সন্ত্রাসী নিহত হয়। অন্যরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি সর্টগান ও প্রচুর সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান তিনি। সদর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)//জে ইউ/এফএ
[/b]