রংপুরের মিঠাপুকুর উপজেলায় সৎবাবার হাতে ছেলে আনন্দ বিশাল (৫) খুন হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সৎ বাবা বিপিন চন্দ্র ও মা আদরী রানীকে আটক করেছে।
এলাকাবাসী জানান, মিঠাপুকুর উপজেলার ছড়ান হিন্দুপাড়া গ্রামের আদরী রানীর সঙ্গে একই এলাকার বিপিন চন্দ্রের কিছুদিন আগে বিয়ে হয়। আদরী রানীর আগের সংসারের একটি ছেলে ছিল। ঘটনার রাতে বিপিন চন্দ্র আনন্দ বিশালকে (৫) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মৃতদেহ গোয়ালঘরে পুঁতে রাখে।
এলাকাবাসী বিষয়টি জানতে পেরে মিঠাপুকুর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিপিন চন্দ্র ও মা আদরী রানীকে আটক করেন। পরে আনন্দের মৃতদেহ উদ্ধার করা হয়।
মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান,এ ঘটনার সঙ্গে জড়িত সৎ বাবা বিপিন চন্দ্র ও আদরী রানীকে আটক করা হয়। এছাড়া একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]