শীত বিদায়ের পথে। সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। যদিও ঋতুচক্রের পালাবদলে ১২ ফেব্রুয়ারি বুধবার বিদায় নেবে শীত।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ পটুয়াখালীতে ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে।
রোববার ঢাকায় ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩০ দশমিক ৪ ডিগ্রি  সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চলতি মাঘ মাসের বাকি দিনে আর কোনো শৈত্য প্রবাহ আসবে না। বিদায় নিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয় নামে শীতল বায়ু প্রবাহ। এই উচ্চচাপ বলয়টি ভারতের পশ্চিমবঙ্গে অথবা এর আশে-পাশে অবস্থান করলে বাংলাদেশে শৈত্য প্রবাহ অনুভূত হয়। এটা ভারতের বিহার পর্যন্ত অবস্থান করলে বাংলাদেশে শৈত্য প্রবাহ না হলেও বাংলাদেশে বেশ শীত অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার থেকে দেশে কোনো শৈত্য প্রবাহ নেই। কিন্তু কুয়াশা রয়েছে। সকাল বেলা বেশ ভারী কুয়াশা থাকায় অনেকক্ষণ সূর্য দেখা যায়নি। রংপুর বিভাগ ও দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত আছে।
চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত নদ-নদী অববাহিকায় কুয়াশা থাকবে বলে আবহাওয়ার মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে। মাসব্যাপী পূর্বাভাসে অবশ্য আরো বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বজ্রঝড়সহ বৃষ্টিপাত হতে পারে।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]