হযরত শাহ জালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম মোরশেদুল আলম।
রোববার বিকেলে বিমনবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা সংস্থার সহকারি পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ০৪৬) মোরশেদুল আলম ঢাকা আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে সন্দেহজনকভাবে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা লাগেজ থেকে ৩ কেজি ওজনের ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।
জানা গেছে, মোরশেদুল আলমের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়। এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]