মাগুরায় ৩৭ আসামির সবাইকে জামিন দিয়েছেন আদালত। বাড়িঘরে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলার রায়ে ৩ বছর করে তাদের সাজা দেওয়া হয়েছিল।
আজ সোমবার বিকালে জেলা দায়রা জজ আমিনুল ইসলাম সাজাপ্রাপ্ত ওই ৩৭ আসামির জামিন মঞ্জুর করেন। গত ১৯ মার্চ মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দিন এই সাজার রায় দেন।
আদালত সূত্র জানায়,সদরের নিজনান্দুয়ালি গ্রামের প্রতিপক্ষের লোকজন নবাব মোল্যার বাড়িতে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর তার স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে চিফ জুডিশিয়াল আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন।
মামলা চলার পর চলতি বছরের ১৯ মার্চ ৩৭ জন আসামিকে ৩ বছর করে কারাদণ্ড দেন আদালত। আসামিপক্ষ জামিনের আবেদন করলে শুনানির পর আজ জেলা দায়রা জজ তাদের সবার জামিন মঞ্জুর করেন।
আসামিরা স্থানীয় বিএনপির সমর্থক ও কর্মী বলে জানা গেছে।
এই মামলার রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী মাহবুবুল আকবর কল্লোল এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]