দিনাজপুর: দিনাজপুর-৪ আসনের (চিরিরবন্দর-খানসামা) ৫৭টি স্থগিত ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি। সকাল থেকেই ঘন কুয়াশা এবং ৫ জানুয়ারি নির্বাচনে সহিংসতার কারণে আতঙ্কিত ভোটাররা ভোট কেন্দ্রে
যাচ্ছেন না বলে জানা গেছে।
খানসামা উপজেলায় ৩৭টি কেন্দ্র এবং চিরিরবন্দরের ২০টি মোট ৫৭টি কেন্দ্রের ভোটার সংখ্যা এক লাখ ৩৪ হাজার ৯১৯ জন।
অপর দিকে,ভোট কেন্দ্রগুলো নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) আহমদ শামীম আল রাজী জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ৫৭টি কেন্দ্রে এক হাজার ৫৩৯ জন পুলিশ, ৬শ’ সেনাবাহিনী, ১৩০ জন র্যা ব ও ৮শ’ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছে মোবাইল টীম।
উল্লেখ্য, ৫ জানুয়ারির নির্বাচনে এই আসনের মোট ১২০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ৫৭টি কেন্দ্রে হামলা,
ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ওই ৬৩টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী এএইচ মাহমুদ আলী ৬৮ হাজার ৮৮টি এবং ওয়ার্কার্স পার্টির এনামুল হক
এক হাজার ৩৮০টি ভোট পান। মোট ভোট পড়ে ৪১.৪৪ শতাংশ।