নোয়াখালীতে জাহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীরহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুলের প্রতিবেশী মো. বাহাদুর ও স্থানীয়রা জানান, গত তিন-চার দিন আগে পার্বতীপুর এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। এলাকার যুবলীগ নামধারী চিহ্নিত সন্ত্রাসী মো. আজাদ ও তাঁর সহযোগীরা ঘটনাটির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। পরে ওই ঘটনায় থানায় মামলা দায়েরে ভুক্তভোগীকে সহায়তা করেছিলেন জাহিদুল।
কোম্পানিগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে জাহিদুলকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
এদিকে স্থানীয়রা জানান, ব্যবসায়িক কাজে দীর্ঘ দিন চীনে অবস্থানের পর দেশে ফিরে দলীয় কর্মকাণ্ডে জড়িত হন জাহিদুল। এ নিয়ে দলের মধ্যে অসন্তোষ ছিল। ফলে যুবলীগের নামধারী সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করেছেন স্থানীয়রা।
নিহত জাহিদুল আলম চরপার্বতী ইউনিয়নের মুন্সি বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে। সে আ’লীগ চীন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
[b]নোয়াখালী, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]