আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির নামে প্রচার করা ভিডিও-বার্তার উৎস জানা গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী।
আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির নামে প্রচার করা ভিডিও-বার্তার উৎস চিহ্নিত করা হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী।
তিনি সোমবার চট্টগ্রামে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সি থান্ডার-২০১৪’ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আল কায়েদার হুমকি যেখান থেকে এসেছে তা সনাক্ত করা হয়েছে। কে পাঠিয়েছে তাও সনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম বলা যাচ্ছে না।
অন্যদিকে, এই ওয়েবসাইটটি কোথায় থেকে চালানো হচ্ছে, তা শনাক্ত করা হচ্ছে। ওয়েবসাইটে কারা ওই অডিও বার্তাটি আপলোড করেছে সে ব্যাপারে পুলিশ ও র‌্যাব তদন্ত করছে। এর সঙ্গে কাদের সম্পৃক্ততা রয়েছে তা সনাক্ত করা হচ্ছে।
এরমধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা হুমকি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী হুমকিতে রয়েছেন। বর্তমান যে হুমকি এসেছে তা নিয়ে আমরা বিচলিত নই। বাংলাদেশে আল কায়েদার আগেও যোগাযোগ ছিল। এটা নতুন নয়। বর্তমান সরকার সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, ঐ ওয়েবসাইটে প্রচারিত অডিও বার্তাটিতে যারা লাইক দিয়েছেন, তাদের শনাক্ত করা হয়েছে। ৫/৬ জন ব্যক্তি ঐ অডিও বার্তায় লাইক দিয়েছেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে আল কায়দার যোগাযোগ রয়েছে। তাই আল কায়দার এ ধরনের হুমকি র‌্যাব গুরুত্বের সাথে তদন্ত করছে।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]