ভোলার চরফ্যাশন এবং বোরহাউদ্দিন উপজেলায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন প্রার্থীরা। সকাল সাড়ে ১১টায় চরফ্যাশনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। ১৯ দল সমর্থিত প্রার্থী মোতাহের হোসেন আলমগীর মালতিয়া সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের বাসায় এ সংবাদ সম্মেল করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় সরকার দলীয় কর্মীরা ব্যাপক জাল ভোট, কেন্দ্র দখল এবং হামলা চালিয়েছে। প্রশাসনের সামনে আ’লীগ কর্মীরা এমন কাজ করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।
তারা বলেন, নির্বাচনে সরকারি দল সমর্থিত প্রার্থীর পক্ষে যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা এই উপজেলার প্রায় সব কয়টি কেন্দ্র দখল করে নেয়। তাই আমরা নির্বাচন বর্জন করেছি।
এ সময় তিনি আগামী শনিবার ১৯ দলের পক্ষ থেকে বিক্ষোভ এবং রোববার হরতালের ঘোষণা দেন।
[b]বোরহান উদ্দিন[/b]
অপরদিকে, ভোলার বোরহান উদ্দিন উপজেলায়ও নির্বাচনে কারচুপি এবং কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ১৯ দল সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া।
[b]বরিশাল[/b]
এদিকে, হরতাল ডেকেছে বরিশালেও। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে বৃহস্পতিবার বেলা ১১টায় ভোট বর্জনের ঘোষণা দিয়ে এ হরতাল ডাক দেয়া হয়।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু (আনারস) ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন লাবু (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদৌস (কলস) সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন এবং হরতালের ঘোষণা দেন।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের সমর্থকরা সকাল থেকেই ভোট কেন্দ্র দখল করে তাদের এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেয় বলে তারা অভিযোগ করেন।
তদের অভিযোগ বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বলা সত্ত্বেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। তাই তারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
[b]বরিশাল,২৭ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]