[b]লক্ষ্মীপুর:[/b] লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে স্থগিত ২১ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত নাই।
বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
সকাল ১০টার দিকে কাওয়ালীডাঙ্গা বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহাদাত হোসেন জানান, এই কেন্দ্রের চারটি বুথে প্রায় ৭০টি ভোটগ্রহণ করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। ২১টি কেন্দ্রে ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর দেড় হাজারেরও বেশি সদস্য নিয়োজিত রয়েছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ মোহাম্মদ আবুল ফয়েজ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় ভোটাররা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ও এর আগের রাতে প্রতিপক্ষ বিভিন্ন কেন্দ্রে ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ চালায়। এতে ২১ কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। এ কেন্দ্রগুলো হলো- রামগঞ্জের জয়পুরা, রাঘবপুর, কাওয়ালীডাঙ্গা, নিচহরা, নোয়াগাঁও-১, নোয়াগাঁও-২, নারায়নপুর, নয়নপুর, শ্রীরামপুর, রসূলপুর, দরবেশপুর, বদরপুর, নাগমুদ, মাছিমপুর, কাশিমনগর, নুনিয়াপাড়া, কালিকাপুর, সোন্দড়া, উত্তর হরিশ্চর, পানিয়ালা ও হোসনাবাদ বিদ্যালয় কেন্দ্র।