বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্যা সুলতানা রাজিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। 


এক শোক বিবৃতিতে ড. হেলাল নারী সমাজের উন্নয়ন, কল্যাণ ও জাগরণে মরহুমা রাজিয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, তার মৃত্যুতে জাতি এক ধর্ম-সচেতন ও সুস্থ্য নারী জাগরণের পথিকৃৎ কে হারালো। শোক বার্তায় ড. হেলাল মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, আল্লাহ যেন তাঁর নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।

সুলতানা রাজিয়া রাজধানী কদমতলির নিজ বাসভবনে সোমবার সকাল ৯ টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন- (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা রাজিয়া ১৯৯১ সালে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৯৬ সাল পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মরহুমা সুলতানা রাজিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ইসলামী মূল্যবোধে জাগ্রত নারীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন তিনি অসংখ্য স্কুল, কলেজ প্রতিষ্ঠাসহ সমাজের সেবামূলক বিভিন্ন কর্মকান্ডে যুক্ত ছিলেন। তিনি ধর্মভীরু নারীদের সর্বদা সাহস ও প্রেরণার উৎস হয়েছিলেন।
জেড