বিএনপির ইনাম আহমদ চৌধুরীকে আমরা দলে নিয়েছি তার মতো ভালো অথবা ক্লিন ইমেজের কেউ থাকলে তাদেরকেও আমরা দলে নেব বলে জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে বিআরটিএ’র (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর প্রসঙ্গ টানেন সাংবাদিকরা।

প্রশ্নের জবাবে তিনি বলেন, এরা অনুপ্রবেশকারীর আওতায় পড়ে না। ইনাম আহমদ চৌধুরী অনুপ্রবেশকারী নন।

ওবায়দুল কাদের বলেন,সাম্প্রদায়িক অপশক্তি ছাড়া অন্য রাজনৈতিক দলের ক্লিন ইমেজের লোক আওয়ামী লীগে অনুপ্রবেশকারী নয়, তাদের আমরা স্বাগত জানাই। সাম্প্রদায়িক শক্তি থেকে যারা আসে, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত মাদক ব্যবসায়ী, চিহ্নিত ভূমিদস্যু, যাদের ইমেজ খারাপ, যাদের রাজনীতি জনগণের কাছে খারাপ, এরাই অনুপ্রবেশকারী।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা ভালো মানুষ, শিক্ষিত মানুষ, জনগণের কাছে গ্রহণযোগ্য তারা দলের নেতৃত্বে আসতে পারে।

অনুপ্রবেশকারীরা যেন আওয়ামী লীগের কোনো পদে আসতে না পারে, সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান আওয়মী লীগের এই সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী একটি তালিকা তৈরি করেছেন। তিনি নিজেই এর মরিটরিং করছেন। বিষয়টি তার তত্ত্বাবধানে রয়েছে। অনুপ্রবেশকারীদের তালিকা বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পাঠিয়ে দেয়া হচ্ছে, যাতে সারা দেশে এখন যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে নতুন একটি নেতৃত্ব আসে।

এই নেতৃত্বে যাতে অনুপ্রবেশকারী বা বিতর্কিত বা অপকর্মকারীরা আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতৃত্বে আসতে না পারে, সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান ড. আহসানুল করিম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদসহ বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এএস