[b]ঢাকা:[/b] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রকে শক্তিশালীকরণই সবচেয়ে জরুরী। আর এর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেশবাসী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
২০ জানুয়ারি সোমবার শহীদ আসাদ দিবস উপলক্ষে রোববার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বাণীতে তিনি ৬৯ এর গণঅভ্যুত্থানের মহান শহীদ আসাদুজ্জামানের অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, আমাদের স্বাধীকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ এক চিরস্মরণীয় নাম। আইয়ুবী সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীর সেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আত্মত্যাগ ঐ সময়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত করেছিল, অর্জিত হয়েছিলো এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমাদেরকে অনুপ্রাণিত করেছে।
খালেদা জিয়া বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন শহীদ আসাদুজ্জামান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়ে আমরা যদি এদেশের মানুষের মৌলিক ও মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাঁর প্রতি দেখানো হবে যথাযথ সম্মান ।
অপর এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ আসাদ দিবসে ‘৬৯ এর গণআন্দোলনের মহান শহীদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর রুহের মাগফিরাত কামনা করি। যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি জীবন দিয়ে গেছেন, তার পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করা আমাদের অবশ্য কর্তব্য। সে লক্ষ্যে গণতন্ত্র বিরোধী অপশক্তিগুলোর চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।