ঢাকায় ফ্লাইওভার আর মেট্রোরেল করে লিপস্টিক দিয়ে ছবি তুলা হচ্ছে এখন। সারা বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য যেখানে কোন প্রকল্প নেওয়া হচ্ছে না, সেখানে ঢাকা ১০ থেকে ১২ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়।
কিন্তু গ্রামের উন্নয়ন না হলে এভাবেই মানুষ সাগরে পাড়ি দিবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খাঁন।
জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে মঙ্গলবার বিকালে জাতীয়তাবাদী কৃষক দলের জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের ‘দমননীতি’অব্যাহত থাকলে ক্যান্টেম্যান্ট থেকেই নেতৃত্ব গড়ে ওঠবে। সরকার বলছে বিএনপি ক্যান্টনমেন্ট থেকে গড়ে ওঠেছে। কিন্তু জিয়াউর রহমান যখন ক্যান্টেনমেন্ট থেকে বেরিয়ে এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, তখন বলতে হবে ক্যান্টেনমেন্ট থেকেই নেতৃত্ব গড়ে ওঠতে হবে। কারণ যখন রাজনীতিবিদদের ক্রসফায়ারে দেওয়া হয়, জেলে ঢোকানো হয়, তখন রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠবে কিভাবে?
সরকারের ‘নগরনীতির’সমালোচনা করে সাবেক এ মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি আজ কোথায় ? শুধু এটুকু বলবো ভবিষৎ অন্ধকার, দেশে এখন জীবিকা নেই। তাই জীবন বিসর্জন দিয়ে নৌকায় করে সাগরে পাড়ি দিচ্ছে মানুষ। এটাই এখন সারা বিশ্বে বাংলাদেশের অর্থনীতির আসল পরিচয়।
জাতীয় প্রেস ক্লাবের সাম্প্রতিক নির্বাচনের বিষয়ে প্রবীণ এ নেতা বলেন, দেশে এখন গণতন্ত্র নেই, নির্বাচন নেই। আর নির্বাচন ছাড়া গণতন্ত্রের সব উপাদানই অর্থহীন। আর আমরা এখন যে জায়গায় (প্রেস ক্লাব) আছি, সেখানে কয়দিন আগে কি হয়েছে সেটাও আপনারা জানেন। এই হচ্ছে দেশের গণতন্ত্রের অবস্থা।
আলোচনা সভায় জাতীয়তাবাদী কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকদির হোসেন মোহাম্মদ জসিম বলেন, দেশে এখন যে ক্রান্তিকাল চলছে তা প্রতিরোধে আমাদের সোচ্চার হতে হবে। অন্যথায় গণতন্ত্রের ভবিষৎ অন্ধকার হয়ে যাবে, আর এর প্রভাব পুরো জাতির উপরই পড়বে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ তাহের, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
এমএ/এসএইচ





