বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, তাদের সঙ্গে জাতীয় বা আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী বা জঙ্গিদের যোগসাজস আছে কিনা-সে সম্ভাবনাও আমরা উড়িয়ে দিচ্ছি না। আমরা মনে করি তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা দরকার।
সোমবার দুপুরে কারওয়ান বাজারের টিসিবি ভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
হানিফ বলেন, বিএনপির কিছু কিছু নেতা ১৫ আগস্ট নিয়ে কথা বলছেন। তাদের বক্তব্যে ১৫ আগস্ট আসবে কেন? তাহলে কি তারা এ জাতীয় নতুন কোনো যড়যন্ত্র করছে? যার জন্য তারা এমন কথা বলছেন?
‘সরকারকে চরম মূল্য দিতে হবে’ বেগম জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, বেগম খালেদা জিয়া যে কথা বলেছেন। এর মধ্যে দিয়ে গত এক বছর তারা যুদ্ধাপরাধীদের রক্ষা ও নির্বাচন বানচালের যে আন্দোলন করেছে তারই বহিঃপ্রকাশ। এ পর্যন্ত তাদের হাতে বহু ব্যক্তির প্রাণহানি ঘটেছে। এরপরও তারা শান্ত হননি। বেগম জিয়ার গতকালের হুমকিতে আবারো বড় ধরনের নাশকতার আভাস দিচ্ছেন বলে প্রতীয়মান হয়েছে।
‘গোপালী কে ক্রেন দিয়ে ট্রেনে তুলতে হবে’ বিএনপি নেত্রীর এমন বক্তব্যের সমালোচনা হানিফ বলেন, এটা তাদের রাজনৈতিক ব্যর্থতার বহিঃপ্রকাশ। আমাদেরকে কেন ক্রেন দিয়ে তুলতে হবে। আমরা কি গর্তে পড়ে গেছি? অনেকে মনে করেছে এ সরকার টিকবে না। ইতিমধ্যে সরকার সবার সহযোগিতা নিয়ে টিকে আছে। এ সরকার নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। এসময় বিএনপির চেয়ারপারসনের এ ধরনের বক্তব্য হতাশার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই না।
তিনি আরও বলেন,  বিএনপি নেত্রীর হুমকির মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে, যেকোনো সময় বড় ধরনের নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে মনে হচ্ছে। আমরা সেটা গুরুত্ব দিয়ে দেখবো।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]