করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।
শুক্রবার (০৯ এপ্রিল) তিনি নিজেই গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “আজই করোনা টেস্টে পজিটিভ এসেছে। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।”
সুস্থতার জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।
৭৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজক ও সমন্বয়ক ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি মেহেরপুর মহকুমার প্রশাসক (এসডিও) ছিলেন। তৌফিক-ই-ইলাহী চৌধুরী ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এমবি





