একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আজ (১১ নভেম্বর) রোববার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়ন ফরম কেনেন মাশরাফি।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি এবং মাশরাফির শুভানুধ্যায়ীরা।

ধানমন্ডিতে মনোনয়নপত্র কিনতে আসার আগে মাশরাফি গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে তার দোয়া নেন।

গতকালই (১০ নভেম্বর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, রোববার মাশরাফি ও সাকিব আল হাসান (টেস্ট দলের অধিনায়ক) মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

উল্লেখ্য, গত (০৮ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। 

মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। ২২ নভেম্বর বাছাইয়ের পর ২৯ নভেম্বর পর্যন্ত প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দ হলে শুরু হবে আনুষ্ঠানিক ভোটের প্রচার। ভোট হবে ২৩ ডিসেম্বর। নির্বাচনের ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর।

এমবি