বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়া খুব শীঘ্রই আন্দোলনের ডাক দেবেন। এই ডাকে দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। সর্বত্র চলছে অনিয়ম, দুর্নীতি আর লুটপাট। রাজনৈতিক ভাবে বর্তমান সরকার পরাজিত বলেই একেরপর এক বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। মামলাই হচ্ছে বর্তমান সরকারের বিরোধী পক্ষকে ঘায়েল করার একমাত্র হাতিয়ার। মামলা দিয়ে বর্তমান সরকারের শেষ রক্ষা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মির্জা ফখরুল বলেন, প্রধান বিচারপতির কথায় স্পষ্ট হয়েছে দেশের বিচার ব্যবস্থা সরকার নিয়ন্ত্রণ করছে। হাওর এলাকায় দুর্গতদের পাশে সরকার নেই বলেও অভিযোগ করেন তিনি।
আজ সোমবার বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল রসিত আনজুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব হাবিব উন খান সোহেল, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব প্রমুখ।
মেহেদী/এমবি





