তিনি বলেন, মানুষ মুখে যে যাই বলুক না কেন, মনে মনে তারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার নিয়ত করে রেখেছে। নির্বাচনের পরিবেশ যদি ঠিক থাকে এবং ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোট পেয়ে বিজয়ী হবেন বলে আশা করছি।

বুধবার (৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শুধু ঠাকুরগাঁওয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন কেন্দ্রের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, আমাদের নজর এখন ঠাকুরগাঁওয়ে। আমরা কেন্দ্র থেকে নিয়মিত সব বিষয়ে পর্যবেক্ষণ করছি। আমাদের কেন্দ্রীয় নেতারাও পর্যায়ক্রমে ঠাকুরগাঁওয়ে আসবেন। আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরাও আসবেন। তারা তাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনের কাছে দাঁড়িপাল্লার জন্য ভোট চাইবেন।

নির্বাচনের দিন যেকোনো মূল্যে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে উল্লেখ করে মাওলানা আব্দুল হালিম বলেন, ভোটাররা তাদের মূল্যবান ভোট দেবেন। সেটি যেন কোনো অবস্থাতেই আমাদের ভোট কেউ ছিনতাই করতে না পারে। শুধু তাই নয়, কেন্দ্রের ভেতরে যারা দায়িত্ব পালন করবেন, তাদেরও সজাগ থাকতে হবে, যেন ভোট গণনায় কোনো জালিয়াতি করতে না পারে। ১১ দলীয় ঐক্যের বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সেদিকে কঠোর নজর রাখার পাশাপাশি সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত থাকতে তিনি ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় ১১ দলীয় ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএইচ