বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের শ্লীলতাহানির ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার সংগঠনের সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘নারীর সম্ভ্রমহানি ছাত্রলীগের মজ্জাগত অভ্যাস।’
‘এর আগেও থার্টি-ফাস্ট নাইটে তারা টিএসসিতে বাঁধন নামে এক ছাত্রীকে বিবস্ত্র করে সম্ভ্রমহানি করেছিল। মুজিব হলের ছাত্রলীগ নেতার নারীর সম্ভ্রমহানির গোপন ভিডিও ধারণ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিকের ক্যাম্পাসে ধর্ষণের সেঞ্চুরি উৎসব পালন ছাত্রলীগের চারিত্রিক স্খলনের পরিচয় বহন করে।’
বিবৃতিতে সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন ন্যাক্করজনক ঘটনায় দেশের মানুষ স্তম্ভিত।’
বিবৃতিতে নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নিরাপত্তার চাদরে ঘেরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সামনেই এ ধরনের ঘটনা এ দেশের নারীসমাজের ওপর বড় আঘাত। অবাক করা ব্যাপার দুই নিপীড়নকারীকে ধরে পুলিশে দিলেও ছাত্রলীগ পরিচয়ে পুলিশ তাদের ছেড়ে দেয়।’
তারা বলেন, ‘অবৈধ সরকারের পদলেহনকারী বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় নীরব ভূমিকা পালন করে। ছাত্রলীগের সন্ত্রাসী, মাদক-ব্যবসায়ী ও ধর্ষকদের প্রশ্রয় দেওয়াই যেন এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান কাজ।’
ছাত্রদল নেতৃদ্বয় অবিলম্বে এ ধরনের জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর আহবান জানান এবং বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবি জানান।
জেএ





