বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকারের দুঃশাসনের কালবৈশাখী ঝড়ে দেশ ও দেশের জনগণ ক্ষতবিক্ষত বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার বেলা ৩টায় নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দল-ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা শাখার কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর শাসনামলে দেশে ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনের খবরে পত্রিকার পাতা ভরে থাকে। পত্রিকার পাতা খুললেই নারী ধর্ষণ ও পৈশাচিক কায়দায় নারী হত্যার খবর আমাদেরকে ব্যথাতুর করে তুললেও সরকারের তাতে কিছুই আসে যায় না। বর্তমান শাসকগোষ্ঠীর ছত্রছায়ায় থেকে যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা এধরণের ন্যাক্কারজনক ও অমানিবক কর্মকান্ড অব্যাহত রেখেছে। সন্ত্রাসীদের শাস্তি হয় না বলেই দেশে অব্যাহতভাবে নারী ও শিশুদের ওপর নির্যাতনের মাত্রা এক অভাবনীয় রুপ পরিগ্রহ করেছে।
রিজভী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে তালাক দিয়ে এবং জনমতকে অগ্রাহ্য করে নিজেদের ক্ষমতাকে প্রলম্বিত করতে দিল্লীর দরবারে দেশের সবকিছু উজাড় করে দিয়ে এসেছে। শেখ হাসিনা দেশের জনগণকে কষ্ট দিবেন কিন্তু ভারতকে কষ্ট দিতে তিনি নারাজ। মনে রাখতে হবে জনগণের দুশমন হচ্ছে বর্তমান সরকার। এদের হাত থেকে দেশকে উদ্ধার করতে না পারলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিলীন হতে বেশী সময় লাগবে না।’
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, বর্তমান শাসনামলে নারীদের মানসম্মান আজ ধুলায় মিশে গেছে। এখন দেশে নারীদের ঘর থেকে বের হয়ে নিরাপদে বাড়ীতে ফেরার কোন গ্যারান্টি নেই। নারী ও শিশু হত্যা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সারাদেশে নারী ধর্ষণ ও শিশু নির্যাতন মহামারী রুপ ধারণ করেছে।
জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনা খাতুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিএনপি’র সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না, রাবেয়া আলম, মহিলা দল নেত্রী ফয়জুন নাহার মনি, নাজনিন মাহমুদ, লাইলি বেগম, নাসিমা বেগম, নাজমা বেগম, তারা বেগম ও অ্যাডভোকেট রুনা লায়লা প্রমূখ।
এমই





