[b]ঢাকা: [/b]বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, আগুন নিয়ে নাড়াচাড়া করবেন না। ক্ষমতার লোভে দাবি না মানলে দেশ ভাগ হবে না। কিন্তু গণতন্ত্রের জন্য আরেকটা যুদ্ধ হতেই পারে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জেড ফোর্স কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতা যুদ্ধে শেখ হাসিনার অবদান প্রসঙ্গে শাহ মোয়াজ্জেম বলেন, মলমূত্র ছাড়া আপনি কি ত্যাগ করেছেন। আপনি পাক বাহিনীর জিপে করে ঢাকা শহর ঘুরে বেড়িয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বর্তমান দেশব্যাপী সন্ত্রাস প্রসঙ্গে বলেন, ১৮ দল সন্ত্রাস করেনি। সন্ত্রাস করছে রাষ্ট্র ও আওয়ামী লীগ সরকার।
জেড ফোর্সের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সহ-সম্পাদক এটিএম মোশারফ হোসেন ও ছড়াকার আবু সালেহ প্রমুখ।