২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রথম দিন (বুধবার) তাদের কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ক্ষণে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সকাল ৬টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। সকাল ১১টায় জাতীয় প্যারেট স্কয়ারে লাখো কণ্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠানে অংশগ্রহণ।
দ্বিতীয় দিন বৃহস্পতিবারের কর্মসূচির মধ্যে রয়েছে, বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন খামারবাড়িতে আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গৃহীত সকল কর্মসূচি দেশবাসীর সাথে একাত্ম হয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সংগঠনের সকল শাখা ছাড়াও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
[b]ঢাকা, এমআর, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]