সংসদের বাইরে সবচে বড় বিরোধী দল বিএনপিকে রেখেই গঠিত হচ্ছে নির্বাচনকালীন সরকার। আর সংসদে প্রতিনিধিত্ব নেই এমন কোন রাজনৈতিক দল থাকছে না এ সরকারে। থাকছে না সুশীল সমাজের অংশগ্রহণ। আওয়ামী লীগের নীতিনির্ধারকরা এসব কথা জানিয়েছেন। তবে আওয়ামী লীগ বিএনপির বাইরে নির্বাচনকালীন সরকারের পরামর্শ বিএনপির। বিএনপিকে বাদ রেখে নির্বাচনকালীন সরকার হলে রাজনৈতিক সঙ্কট বাড়ার আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।
চলতি মাসের শেষ সপ্তাহ বা অক্টোবরের প্রথম সপ্তাহেই গঠিত হবে নির্বাচনকালীন সরকার। যার অধীনে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর সংবিধান অনুযায়ী এ সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী ও দলের নীতি নির্ধারবকরা কয়েক মাস ধরেই এমন কথাই বলে আসছেন।
কিন্তু এ সরকারের আকার বা গঠন কেমন হবে এ বিষয়ে দলের নীতি নির্ধারকরা জানান, বিশ থেকে পঁচিশ সদস্য নিয়ে গঠিত হবে নির্বাচনকালীন সরকার। আর এ সরকারে বিএনপির থাকার কোন সুযোগ নেই বলে ও জানান দলের এই নেতা। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্নেল অব. ফারুক খান বলেন, 'জাতীয় সংসদে যে দলগুলোর প্রতিনিধিত্ব রয়েছে তাদের ভূমিকা থাকবে নির্বাচনকালীন সরকারে। আমার মনে হয় এইভাবেই এবারের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। নতুন করে বিএনপিকে এই সরকারে আনার কোন কারণ আছে বলে আমই মনে করি না। '
বিএনপি বিহীন নির্বাচনকালীন সরকারকে কিভাবে দেখবে দলটি? এ বিষয়ে দলের নেতারা জানান, একদলীয় নির্বাচনকালীন সরকার জনগণের আস্থা হারাবে। আর নিরপেক্ষ সরকারের দাবি না মানলে নির্বাচনে যাবে না বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেন, 'আমরা চাই বর্তমান যারা আছেন বিনা ভোটের এরা কেউ থাকবে না। আমরাও থাকবো না তারাও থাকবে না। নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচনকালীন সরকার হোক। সদিচ্ছা থাকলে সংবিধানের আওতায় সমঝোতায় আসা যেতে পারে। তারা তো সংলাপেও রাজি না।'
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ-সমঝোতা না করে নির্বাচনকালীন সরকার গঠন করলে দেশে নতুন করে রাজনৈতিক সংকটের আশঙ্কা বিশ্লেষকদের। অধ্যাপক তারেক শামসুর রেহমান বলেন, 'বিরাট জনগোষ্ঠীকে যদি আস্থায় নিয়ে আসা সম্ভব না হয় তাহলে সঙ্কট বাড়বে। কমবে না। বিএনপি নির্বাচনকালীন সরকারে না থাকলে সেটা খারাপ হবে। ভাল কিছু হবে না।'
তবে সরকারের সদিচ্ছা থাকলে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে রাখা যেতে পারে বলে মত দেন তিনি। সূত্র: সময় নিউজ।
এসএম





