বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে করোনাভাইরাসের দুর্যোগময় সময়ে বিএনপি নেতাকর্মীরা যখন গরীব ও দুস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে, তখন তাদের গ্রেফতার করে কারান্তরীণ করা সরকারের অশুভ ইচ্ছারই বহিঃপ্রকাশ। এসব অপকর্মের মূল লক্ষ্য একটাই- তাহলো ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করা। কিন্তু সরকার এসব কুকর্ম করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারবে না। কারণ জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।
বুধবার (২৪ জুন) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এইসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দেশকে বিরাজনীতিকরণের ঘৃণ্য উদ্দেশ্য সাধনে এখন এতই বেপরোয়া হয়ে উঠেছে যে, গুম, খুন, অপহরণের পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে দেশের কারাগারগুলো ভরে ফেলছে। কারাগারগুলোতে বন্দী ধারণের আর ঠাঁই নেই।
গত মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সভাপতি মো: জাহিদুল ইসলাম বিপ্লবকে সাদা পোশাকে পুলিশ বাহিনী আটক করে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করেছে অভিযোগ তুলে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরো বেশি ঐক্যবদ্ধ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই মো: জাহিদুল ইসলাম বিপ্লবকে গ্রেফতার করে কারান্তরীণ করা হয়েছে।
তিনি বলেন, আমি তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।
এমবি





