সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একই বিমানে রংপুর রাওয়ানা দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যাত্রাটি পূর্ব নির্ধারীত হলেও দুজনের মাঝে সাক্ষাৎটি একেবারে অপরিকল্পিত। এসময় তাঁরা দুজনেই কুশল বিনিময় করেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় বেসরকারি ইউএস বাংলার একটি ফ্লাইটে তারা সৈয়দপুরের পথে রওনা হন।
জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ ছেলে এরিক এরশাদকে নিয়ে রংপুর যাচ্ছেন। তাদের পেছনের সারিতেই রয়েছে মির্জা ফখরুলের আসন।
বিমানে উঠে বিএনপি মহাসচিবকে দেখে কুশল জিজ্ঞাসা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এ সময় এরশাদকে দেখে দাঁড়িয়ে সালাম দেন ফখরুল। এর পর এরশাদ হাত বাড়িয়ে দিলে করমর্দন করেন তারা।
এরশাদ ও ফখরুলের মধ্যে কুশলবিনিময়ের বিষয়ে নিশ্চিত করেছেন ফ্লাইটটিতে থাকা বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল একই ফ্লাইটে রংপুরে যাচ্ছেন।
এ সময় এরশাদকে দেখে সালাম দেন মির্জা ফখরুল। তখন উভয়ের মধ্যে কুশলবিনিময় হয় বলে জানান শায়রুল কবির।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইকবাল হাসান টুকুর নেতৃত্বে দলের একটি টিম রংপুরে অবস্থান করছে।
এতে আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুখ।
বিএনপির নির্বাচনী প্রচার টিমের সঙ্গে যোগ দিতে সোমবার মির্জা ফখরুলও ঢাকা থেকে রংপুর যাচ্ছেন।
তার সঙ্গে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও শায়রুল কবির রয়েছেন।
উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু ‘নৌকা’, জাতীয় পার্টির সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা ‘লাঙল’, বিএনপির কাওসার জামান বাবলা ‘ধানের শীষ’, জাতীয় পার্টির বিদ্রোহী নেতা হুসেইন মকবুল শাহরিয়ার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাতি’, বাসদের আবদুল কুদ্দুস ‘মই’, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা ‘হাত পাখা’ ও ন্যাশনাল পিপলস পার্টির মো. সেলিম আকতার ‘আম’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।





