বিএনপি ৫০ ইউনিয়নে পুন:ভোট গ্রহণের দাবি জানিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল এ দাবি জানায়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল ইউপি নির্বাচনের সার্বিক অবস্থা সিইসিকে জানান।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘যে নির্বাচন আজ অনুষ্ঠিত হলো তা তামাশার নির্বাচন। ইউপি নির্বাচনের ভোটগ্রহণে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট প্রদান, বিএনপির প্রার্থী ও কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়েছে। আমরা ৫০ ইউনিয়নে পুন:ভোট গ্রহণের দাবি জানিয়েছি।

এর আগে চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিইসি’র সাক্ষাতের সময়সূচি চেয়ে আবেদন করেন। কিন্তু তখন ইসি কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় দেন সিইসি। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা সুজাউদ্দিন, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান এবং বিএনপি নেতা মনিরুল ইসলাম ও দলটির নির্বাহী কমিটির সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

ওএফ