কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন ২০১৪ সালের ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন না হলে ২০০৬ এর মত আরেকটি ওয়ান ইলেভেন হতো।

বিএনপি নেত্রী সেটাই চেয়েছিলেন। তিনি বলেন, চৈত্র মাসের গল্প মাঘ মাসে বলে লাভ নেই।

১৩ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্ত্বরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণকালে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে ফোন করে বেগম জিয়াকে সংলাপের কথা বলেছিলেন। তখন তিনি তা প্রত্যাখান করেছিলেন।

এখন নির্বাচন হয়েছে। সরকার এগিয়ে যাচ্ছে। সাংবিধানিক ধারাবাহিকতায় ২০১৯ সালে আরেকটি নির্বাচন হবে। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।

মন্ত্রী আরও বলেন, মানুষ মেরে, মানুষ পুড়িয়ে, যা খুশি তাই করে বিএনপি নেত্রী যদি মনে করেন কিছু করতে পারবেন। তাহলে তিনি ভুল করছেন।

ইতোমধ্যেই আওয়ামী লীগ দেশের মানুষের আস্থা অর্জন করেছে। আমরা মানুষের জন্য কাজ করবো। বেগম জিয়া ধংস নিয়ে কতদুর যাবে সেটা তিনি ঠিক করবেন।

এদিন কৃষিমন্ত্রী উপজেলার ২৮টি বেসরকারী উচ্চ বিদ্যালয়ের ২শত ৮০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ১টি করে কম্বল ও সোয়েটার এবং ৬টি নারী সংগঠনের হাতে ১ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।

এসময় তার সাথে শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ হায়দর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক, শফিকুল ইসলাম জিন্নাহ, ফেরদৌস রহমান জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।

এসএইচ