বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়তে ১০ মহররমের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করেই আমাদের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। একইসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বাণী তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ১০ মহররম সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত তাৎপর্যময় দিন। পবিত্র আশুরার এ দিনে ঘটেছিলো এক শোকাবহ ঘটনা। অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) এ দিনে শাহাদাত বরণ করেছিলেন। কারবালা প্রান্তরে সেই হৃদয় বিদারক ঘটনা আজও মানুষকে কাঁদায় এবং বেদনার্ত করে। সত্য ও ন্যায়ের জন্য তাঁর আত্মত্যাগ বাংলাদেশসহ মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।

খালেদা জিয়া বলেন, অন্যায় অবিচার, অন্যায্য, অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদেরকে সে শিক্ষাই দেয়। মহানবী (সাঃ)ও অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তাঁর উম্মত হিসেবে আমাদের কর্তব্য যে কোন গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠির কৃত অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

বাংলাদেশে এখন অন্যায়, অবিচার, আর অনাচারের দু:সময় বয়ে চলছে এমন দাবী করে তিনি বলেন, এদেশে মানুষের সুবিচার পাওয়ার সম্ভাবনা এখন সম্পূর্ণরুপে তিরোহিত হয়ে গেছে। ক্ষমতাসীন জবরদখলকারীরা জনগণের ওপর চালাচ্ছে সীমাহীন জুলুম, জনগণকে শ্বাসরুদ্ধ করতে তাদের সকল অধিকার কেড়ে নিয়েছে।

তাই আমি শহীদ হযরত ইমাম হোসেন (রাঃ), তাঁর পরিবারের সদস্যদের এবং কারবালার সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।

এমএইচ