সমাবেশকে ঘিরে দুপুর থেকেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে লালদিঘী ময়দানে জড়ো হতে থাকেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যেন জনস্রোতে রূপ নিয়েছে। দলীয় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।

মহাসমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচনসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরছেন।

ctg_11_dol_somabesh_ii_20260613_163254061

সমাবেশ ঘিরে লালদিঘী ময়দান ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশের কার্যক্রম চলমান ছিল এবং একে একে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছিলেন।

সমাবেশ ঘিরে লালদিঘী ময়দান ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ছবি: প্রতিবেদক

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া বক্তব্য দেবেন—লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।

সমাবেশকে সফল করতে জোটের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। কয়েকদিন ধরে চালানো হয় প্রচার-প্রচারণা। ফলে সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

এমএম