আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের এই কথা বলেন। আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নিতে রাজশাহী এসেছেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। রাজনীতিবিদদের অধিকাংশেরই হাতেখড়ি ছাত্র রাজনীতি থেকে। কাজেই মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়।
কাদের আরও বলেন, যারা ছাত্র রাজনীতির নামে অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দলের মধ্যে শুদ্ধি অভিযান চলছে। মাদক, জুয়া, টেন্ডাবাজি, দুর্নীতিসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে এই শুদ্ধি অভিযান। প্রথমে ঘর থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সবখানে এই অভিযান চালানো হবে।
ওবায়দুল কাদের বলেন, যে সকল যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ আছে, তারা প্রত্যেকেই নজরদারিতে আছেন।
এসময় সাংবাদিকরা যুবলীগের চেয়ারম্যান নজরদারিতে আছে কি-না? জানতে চাইলে কাদের বলেন, যুবলীগের চেয়ারম্যান নজরদারিতে আছে কি-না তা পরে জানা যাবে। তবে তিনি আত্মগোপনে নেই।
এমবি





