বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর ভাই শ্রমিকলীগ নেতার হামলায় বিএনপির মেয়র প্রার্থীর পাঁচ কর্মী আহত হয়েছেন।
শনিবার বেলা একটার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের বটতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, যুবদল কর্মী নাছির হাওলাদার, আনোয়ার হাওলাদার, জাকির হোসেন, ছাত্রদল কর্মী নাছির উদ্দিন এবং মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. মতিউর রহমান মোল্যার কর্মীরা পৌরসভার বটতলা এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়ার ভাই শ্রমিক লীগ নেতা কালাম ডাকুয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন একযোগে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে বিএনপির মেয়র প্রার্থীর পাঁচ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে।
বিএনপির প্রার্থী মো. মতিউর রহমান মোল্যা বাংলামেইলকে জানান, ‘হামলার ঘটনাটি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।’
অভিযুক্ত আওয়ামী লীগের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়ার ভাই শ্রমিক লীগ নেতা কালাম ডাকুয়া বলেন, ‘এ রকম কোনো ঘটনা বাকেরগঞ্জে ঘটেনি। আমাদের কর্মী-সমর্থকরাও এ রকম কোনো ঘটনার সঙ্গে জড়িত নয়।’
এ প্রসঙ্গে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলামেইলকে জানান, ‘খবর পেয়ে হামলাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমএইচ





