কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আগামী ২০ জুলাই রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
ফখরুল বলেন, ‘আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে বিকেলে এ বিক্ষোভ কর্মসূচি পালন করতে চাই। আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।’
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় নেতৃত্ব ও নির্বাচন থেকে সরাতে সরকার দলীয় গঠনতন্ত্রের ৭ ধারা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। মূলত বিএনপিকে সব দিক থেকে বেকায়দায় ফেলতে এ অপতৎপরতা শুরু করেছে তারা।’
বিএনপি নেতা বলেন, ‘বিএনপির গঠনতন্ত্রের বিলুপ্ত ৭ ধারার মতো নির্বাচন কমিশন অনুরূপ একটি ধারা চালু করছে বলে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি। এর উদ্দেশ্য বিএনপির নেতৃত্ব থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে সরানো। যাতে বিএনপি ও বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন করে ক্ষমতা দখল করা যায়।’
ফখরুল বলেন, ‘বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারা সংশোধন করেছে বলে ১১ জুলাই সংসদে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অলীক, অবাস্তব। সংসদে প্রধানমন্ত্রী এ বক্তব্য একটি গভীর চক্রান্তের অংশ।’
জেড





