বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাতা ফাতিমা আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ (বৃহস্পতিবার)এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমা ফাতিমা আমিনের কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন। দলটির ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত শোকবার্তায় এই তথ্য জানানো হয়।

জামায়াত নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, “আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করুন।”

মরহুমা ফাতিমা আমিন বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ফুসফুস, কিডনি’সহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত মঙ্গলবার ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ।

মরহুমা ফাতিমা আমিনের প্রথম নামাজে জানাজা আজ (বৃহস্পতিবার) বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া, শুক্রবার বাদ আছর ঠাকুরগাঁও হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এমবি