২১ আগস্ট গ্রেনেড হামলা ও সাম্প্রতিক আগুন সন্ত্রাসের কর্মকাণ্ডের মামলা থেকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাঁচিয়ে দিলে গণতন্ত্রের মধ্যে গলদ থেকে যাবে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি ও তথ্যমন্তী হাসানুল হক ইনু।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ আয়োজিত অবিনাশী কন্ঠস্বর এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাসানুল হক ইনু বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও কিছুদিন আগের আগুন সন্ত্রাসের মামলা থেকে বাঁচানোর জন্য অনেকেই সুক্ষ্ম চাল চালিয়ে যাচ্ছেন। কোন দয়া দক্ষিণা তাদের জন্য নয়। তাদের বাঁচিয়ে দিলে গণতন্ত্রের মধ্যে গলদ থেকে যাবে।
৭১, ৭৫ এর ঘাতকরা যেমন ভাবে রাজনীতির মধ্য থেকে বিধায় নিয়েছেন একই ভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও আগুন সন্ত্রাসী ক্ষুণিদের রাজনীতির মধ্য থেকে বিদায় করে দিতে হবে।
ইনু বলেন, এখনো বাংলাদেশের বিপদ কাটেনি, ষড়যন্ত্র চলছে। এখনই বলা যাবে না সামরিক শাসনের , চক্রান্তের দিন শেষ। এখনো অনেকেই চক্রান্ত করে যাচ্ছে।
সংগঠনের চেয়ারম্যান আমির আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক তথ্য মন্ত্রী মিজানুর রহমান শেলী, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি কামাল ও কবি মাদবর রফিক প্রমুখ।
এমএ/জেডআই





