শুক্রবার (২৪ মার্চ) এক বিবৃতি তিনি এ আহ্বান জানান।

মুজিবুর রহমান বলেন, ‘আমরা গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা এবং ওই সমস্ত জনতাকে যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। আমি যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালনের জন্য আমাদের প্রিয় সংগঠন জামায়াতে ইসলামীর সকল শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি দেশের এই সঙ্কটময় মুহূর্তে মহান আল্লাহর কাছে দেশবাসীর কল্যাণ কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেফাজত করুন।’

তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা, দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসন মুক্ত একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে ছিল। অথচ দেশের মানুষ আজ এমন এক সময় স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছে, যখন দেশে আইনের শাসন, ন্যায় বিচার, বাক-স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার বলতে কিছুই নেই। বিরোধী মতের লোকজনকে প্রতিনিয়ত গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যোর লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণের মধ্যে নাভিশ্বাস। মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে। বিনা ভোটে নির্বাচিত এই সরকারের জনগণের প্রতি উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের ফলে দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি

এমআই