আপনারা গণতন্ত্রের কথা ভাবেন, বলেন, গণতন্ত্রের জন্য সংসদে আসেন। কতটি আসন পেয়েছেন তা বড় কথা নয়, বড় কথা হলো গণতন্ত্র রক্ষা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীও ১৩টি সিট পেয়ে সংসদে গিয়েছিলেন। তাই আপনারা সংসদে আসুন, গণতন্ত্র রক্ষা করুন। বিএনপি’র উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু এসব বলেন বলেন।
রবিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘ছয় দফা থেকে এক দফা, বঙ্গবন্ধুর শেষ কথা, বাংলার স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক জ্ঞানপাপীরা আছে যারা আজ বলে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেনি। কিন্তু বঙ্গবন্ধু ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা করেছিলেন। যার জন্য সারা বাংলার মানুষ একত্রিত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত সেই জ্ঞানপাপীরা ১৩/১৪ সালে আগুন সন্ত্রাস করে যেভাবে ষড়যন্ত্র করেছিল আজও তারা সেভাবে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র একটি অংশ হচ্ছে নির্বাচনকে মেনে না নেওয়া। তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে।
এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফুলু সরকার ও পরিষদের অন্যান্য নেতৃবৃন্দরা।
এসএম





